সন্ত্রাসীদের হাতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ। বলেন, এই অস্থিতিশীল অবস্থা বজায় রেখে সরকার শান্তিতে থাকতে পারবে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশকে টেনশনমুক্ত করুন। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে বলে আমরা অনেকে আশঙ্কা করছি।’
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় রাতে পুলিশ হত্যার প্রসঙ্গ টেনে এসব কথা বলেন এই বিএনপি নেতা।
হান্নান শাহ বলেন, ‘যেভাবে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে জনগণকে নিরাপত্তা দেয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই নিরাপত্তার প্রথম শিকার দেখলাম একজন এএসআই নিজেই। এই যদি অবস্থা হয়- দেশিরা নিরাপদ না, বিদেশিরা নিরাপদ না, আজকে পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপদ না।’


