ঢাকার বাড্ডায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। র্যাব জানায়, ওই যুবক একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বাড্ডার একশ ফুট রাস্তা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম বিজয়ের (৩২) বিরুদ্ধে থানায় হত্যা, অবৈধ অস্ত্র রাখা ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে র্যাবের দাবি।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, “ওই এলাকায় র্যাবের একটি টহল দল ‘সন্দেহভাজন’ চার যুবককে দেখে থামতে বললে তারা না থেমে গুলি চালায়। র্যাব সদস্যরা পাল্টা গুলি করলে একজন আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়।”
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এই র্যাব কর্মকর্তা।
তিনি বলছেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।


