বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেডিকেল রিপ্রেজেনটেটিভদের সংগঠন ফারিয়া’র ৫ দফা দাবি

medical-reppresentativeবেতন বৃদ্ধি, কাঠামো প্রণয়ন ও বেতন বৈষম্য কমানোর দাবি তুলেছে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর ঢাকা মহানগর শাখা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে উল্লিখিত বিষয়সহ পাঁচটি দাবি তুলে ধরেন সংগঠনটির সমন্বয়ক মো. মমিন হাওলাদার।

ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভরা দেশব্যাপী বিক্রয় প্রতিনিধি হিসেবে ওষুধ বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বর্তমানে দেশজুড়ে বিভিন্ন কোম্পানির দুই লাখেরও বেশি বিক্রয় প্রতিনিধি রয়েছে।

তাদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, (সরকারি) সপ্তম গ্রেড সমান বেতন নির্ধারণ, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতা নির্ধারণ, চাকরির নিশ্চয়তা ও নীতিমালা প্রণয়ন, ফারিয়াকে সরকারি স্বীকৃতি, সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি প্রদান।

সংবাদ সম্মেলনে মমিন হওলাদার বলেন, দেশে ২৫৮টি মানসম্মত ওষুধ কোম্পানি দেশীয় চাহিদা পূরণ করে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের ৭৯টি দেশে ওষুধ রফতানি করছে। অথচ আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, নেই চাকরির নিশ্চয়তাও।

তিনি আরও বলেন, ‘বর্তমান অবস্থায় বাসা ভাড়া, সন্তানদের পড়ালেখা, দৈনন্দিন বাজার, পরিবহন, চিকিৎসা ও সামাজিকতা রক্ষা করে চলা অসম্ভব হয়ে পড়েছে। আমাদের এই অবস্থা থেকে উত্তরণে সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

একই দাবিতে সংগঠনটি রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বলেও জানিয়েছে।

সংবাদ সম্মেলনে অপসোনিন, স্কয়ার, ড্রাগ ইন্টারন্যাশনাল, অরিয়ন, রেনেটা, নিপ্রোসহ বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন