৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে কর্মসূচির কথা জানান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
ওই দিন সকাল ১০টার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করবেন শীর্ষ নেতারা। এ সময় পবিত্র সুরা ফাতিহা পাঠ করবেন তারা। এ ছাড়া আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ক্রোড়পত্র প্রকাশসহ রয়েছে বিভিন্ন ধরনের আয়োজন।
দিবসটির তাৎপর্য ব্যাখ্যায় বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করবে বিএনপি। এ ছাড়া সারাদেশে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালিত হবে।
রিপন জানান, ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


