ঢালিউডে এ মুহূর্তের সবচেয়ে আলোচিত নায়িকা পরী মণির জন্মদিন ছিল গতকাল ২৪ অক্টোবর। রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে এ উপলক্ষে পার্টি দিয়েছিলেন তিনি। এতে পরী মণির ঘনিষ্ঠ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, মিডিয়ার সহশিল্পী ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
নজরকাড়া গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন চলচ্চিত্রপ্রেমীদের। দর্শকদের বিনোদিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনি। আজকের এই দিনে তিনি এসেছিল পৃথিবীতে।আজকের এই দিনে পরীমনি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। জন্মের আগেই বাবা মনিরুল ইসলাম নাম ঠিক করেন স্মৃতি। জন্মের পরে দেখতে পরীরমত বলে নানু পরী ডাকতে শুরু করেন। ছোট্ট পরীকে সবাই আদর করেই পরীর সঙ্গে মনি যোগ করে ডাকতে থাকে পরীমনি নামে।
এবারের জন্মদিনকে বিশেষ বলে মনে করছেন পরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের জন্মদিনটিতে আমি সারপ্রাইজ হচ্ছি বেশি। এর মধ্যে অন্যতম হলো জন্মদিনে সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া আরো অনেকগুলো বিষয় আমাকে সারপ্রাইজড করেছে।এ কারণ হিসেবে তিনি উল্লেখ করেন শুক্রবার রাতে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি জানান, রাজধানীর বনানী এলাকা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ দেখতে পান কয়েকজন তরুণ অন্ধকারের মধ্যে মেবাইলে লাইট জ্বালিয়ে নগর মাস্তান সিনেমার পোস্টারের সামনে দাড়িয়ে ছবি তুলছেন। বিষয়টা দেখে খুবই খুশি হন তিনি।
ঘটনার বিবরণ দিতে গিয়ে পরী বলেন, ‘তাদের দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলি। এর পর ওদের কয়েকবার ডাকালাম, কিন্তু তারা হয়তো আমার ডাক শুনতে পাননি। এর পরে আমি নিজেই গাড়ি থেকে নেমে ওদের কাছে জানতে চাই, ‘তোমরা কি সিনেমাটা দেখেছ? ওরা আমাকে দেখেই চিৎকার করে সবাই আমার সামনে আসলেন। তারা আমাকে দেখে এতই অবাক হলেন যে তা বলে বুঝানো যাবে না। এর পরে আমার সঙ্গে সেলফি তুলেছেন তারা। এটা আমার কাছে জন্মদিনের বড় প্রাপ্তি। দর্শকদের ভালোবাসার চেয়ে আর বড় পাওয়া কি হতে পারে!’
তিনি আরো বলেন, ‘অভিনয় করে দর্শকদের মাঝে আজীবন বেঁচে থাকতে চাই। সারাজীবন দর্শকদের ভালোবাসা চাই। আমি চাই অভিনয় থেকে অবসর নেয়ার পর নতুন যারা চলচ্চিত্রে অভিনয়ের জন্য আসবে সবাই যেন আমাকে ‘আইডল’ মনে করে।২০১৪ সালের পুরোটাই তিনি আলোচনায় ছিলেন। বড়পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েই টিভি পর্দাকে বিদায় জানিয়েছিলেন তিনি। বড়পর্দাতে নিজেকে মেলে ধরার প্রত্যয়ে ২০১৩ সালের ডিসেম্বরে নির্মাতা শাহ আলম মণ্ডলের ভালোবাসা সীমাহীন সিনেমায় কাজ শুরু করেন ঢালিউডের এই লাস্যময়ী কন্যা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার।মাত্র এক বছরে ভালোবাসা সীমাহীন, রানা প্লাজা, পাগলা দিওয়ানা, ইনোসেন্ট লাভ, পুড়ে যায় মন, মন জানে না মনের ঠিকানা, ধূমকেতু, লাভার নাম্বার ওয়ান, মহুয়া সুন্দরী, নগর মাস্তান সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে মিডিয়ায় বেশ আলোচিত হন। সে বছরে তার অভিনীত কোন সিনেমা মুক্তি পায়নি।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন। পরীর অভিনীত সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। প্রথম ছবির পর মাত্র দুই মাসের মাথায় এপ্রিলে মুক্তি পায় পাগলা দিওয়ানা। সিনেমাটি পরিচালনা করেন ওয়াজেদ আলী সুমন। এতে তার বিপরীতে অভিনয় করেন শাহরিয়াজ। স্বল্প বাজেটের এ সিনেমাগুলোতে গ্ল্যামারগার্ল পরীমনি ভালো দর্শক টানতে সমর্থ হন।এর পর মুক্তি পায় এস এ হক অলীকের সিনেমা আরো ভালোবাসব তোমায়। এতে পরীর বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এ ছাড়া ফারুক ওমরের লাভার নাম্বার ওয়ান সিনেমাতেও পরীমনি তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী।
সর্বশেষ চলতি মাসের ২৩ অক্টোবর তার অভিনীত নগর মাস্তান সিনেমাটি মুক্তি পেয়েছে। রোকিবুল আলম রাকিব পরিচালিত সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান ও শাহরিয়াজ। এ ছাড়া বহুল আলোচিত রানা প্লাজা, মহুয়া সুন্দরী, পুড়ে যায় মন, ইনোসেন্ট লাভসহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।


