শিক্ষার মানোন্নয়নের অবিচ্ছেদ্য অংশ তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে দেশের ১২৫ উপজেলায় আইসিটি ভবন নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এ ধরনের আইসিটি ভবন নির্মাণ করা হবে। বলেছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার রাজধানীর শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শিক্ষাক্ষেত্রের সঠিক তথ্য ও পরিসংখ্যান আমাদের কাছে নেই। অনেক সময় আমরা অনুমান-নির্ভর তথ্য দিই। দেখা যায়, শিক্ষানীতিতে আমরা প্রতিবন্ধী, অটিস্টিক শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করলাম। কিন্তু তাদের সুযোগ-সুবিধা প্রদানের জন্য যথাযথ তথ্য আমাদের নেই। এ সব সমস্যার কারণে সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় না। তাই এ সিদ্ধান্ত গ্রহণের ফলে সরাসরি সঠিক তথ্য পাওয়া যাবে।’


