শাহানা কলেজ পড়ুয়া বাংলাদেশের এক কিশোরীর নাম। শাহানা ও তার বন্ধুরা মিলে ঘটককে ভূতের ভয় দেখায়। এতে কাজও হয়। ঘটক জীবনে আর ছোট ছোট মেয়েদের বিয়ের ঘটকালি করবেন না বলে স্বীকারোক্তি দেন। শাহানা ও তার বন্ধুরা মিলে তাদের কাজগুলোকে সহজ করার জন্য গড়ে তুলে ‘কিশোর-কিশোরী ক্লাব’। তারা বয়ঃসন্ধি কালসহ অন্যান্য বিষয়েও কথা বলে। শাহানা ও তার বন্ধুদের নিয়ে তৈরি করা হয়েছে ছয়টি পর্ব। এ পর্বগুলো তৈরি করেছে টিম অ্যাসোসিয়েটস এবং ডিক্রোস।
শাহানা এবং তার বন্ধুরা বাস্তবের কোনো চরিত্র নয়। তারা কার্টুন চরিত্র। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ কার্টুন দেখানো হবে। শাহানা কাজ করবে ‘চেঞ্জমেকার’ হিসেবে।
সোমবার ২৬ অক্টোবর দুপুরে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার শো’র মাধ্যমে শাহানা আত্মপ্রকাশ করে। সুন্দর মখমলের কাপড়ে ফিতা দিয়ে বাঁধা ছিল শাহানার ছবি। প্রিমিয়ার শো উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শাহানার ছবির ফিতা কেটে তা উদ্বোধন করেন।
বাংলাদেশের জন্য ‘শাহানা ইন্সপাইরিং চেঞ্জ’ নামের এ কার্টুনটি তৈরি করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাস।
হাসানুল হক ইনু বলেন, ‘আজ থেকে শাহানা বাল্যবিয়ের বিরুদ্ধে জেহাদ শুরু করল। তবে এ সংগ্রাম শুধু শাহানার একার না। সরকার সব সময়ই বাল্যবিয়ের বিরুদ্ধে। বাল্যবিয়ে করা যাবে না শুধু এটা বলাই যথেষ্ট না, সমাজের যাঁরা মাথা তাঁদের ধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধেও কথা বলতে হবে।’
তথ্যমন্ত্রী জানান, তিনি রাজনৈতিক জনসভা শুরু করার আগে সব সময় বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। কুষ্টিয়ায় তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার ফলে গত মাসে ৬৭টি বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই ইউএনএফপিএ’র প্রতিনিধি আর্জেন্টিনা মাটাভেল পিচ্চিন বলেন, ‘দেশের প্রচলিত ক্ষতিকারক ধারণা পরিবর্তনে কাজ করবে শাহানা। তার কাজ হবে গেটকিপারের। একই সঙ্গে বিনোদনও দেবে।’ তিনি দেশের কিশোর কিশোরীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য তাদের শিক্ষাসহ অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান।
সুইজারল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফচ জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, মাতৃমৃত্যু হ্রাসসহ বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরেন। এমন একটি দেশে বাল্যবিয়ে কোনো মতেই গ্রহণযোগ্য নয়।
অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক পরিচালক সারা হোসেন এবং ইউএনএফপিএর উপআবাসিক প্রতিনিধি আইওরি কাটো। এ পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক জহিরুল আলম।
অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত সবাই শাহানা কার্টুনের একটি পর্ব উপভোগ করেন।


