বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে প্রবেশ নিষিদ্ধ হলেও এলার্ট জারি করা হয়নি: মন্ত্রণালয়

Airportহযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোন প্রকার এলার্ট জারি করা হয়নি । বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেনের পাঠানো ইমেইলে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ধরনের এলার্ট জারি না করা সত্ত্বেও কোনও কোনও টিভি চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেড এলার্ট জারি করা হয়েছে মর্মে সংবাদ প্রচার করা হচ্ছে । বিষয়টি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্থ করতে এবং সংস্কার ও মেরামত কাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে ।”
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, সোমবার সকাল ১০টা থেকে বিমানবন্দরের অ্যারাইভাল এবং ডিপার্চার কনকোর্স সেলে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল এই ব্যাপারে নিউজওয়ার্ল্ডিবিডি ডট কমকে জানান, “সোমবার সকাল থেকে বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া কোনও দর্শনার্থী প্রবেশ করতে না দেয়ার নির্দেশ পাওয়া গেছে। সে অনুযায়ী আমরা যাত্রী ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছি না।”

এয়ারপোর্ট এপিবিএনের মুখপাত্র তানজিনা আক্তার এ প্রসঙ্গে জানান, “পুলিশ হেড কোয়ার্টার্স থেকে মৌখিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। এর পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

শাহজালালের দর্শনার্থী প্রবেশ সংক্রান্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তালহা ট্রেডার্সের পরিচালক আবদুল ওয়াহীদ জানান, বিমানবন্দরের ভেতরে প্রবেশের জন্য আমরা ৩০০ টাকা করে টিকিট বিক্রি করে থাকি। তবে আজ সকাল ১০টা থেকে টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন