বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘কিছু হলেই বিএনপিকে দোষারোপ করছে সরকার’

goyeshworকোনো ঘটনা ঘটলেই সরকার বিএনপিকে দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকারের মতো আচরণ করছে না, জনগণের প্রতি কোনো দায়িত্বও তারা পালন করছে না।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

গয়েশ্বর বলেন, তাদের একমাত্র দায়িত্ব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্মূল করা। তাদের দায়িত্ব, যেকোনো ঘটনা ঘটলেই বিএনপিকে দোষারোপ করা এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া, হয়রানি করা ও গ্রেপ্তার করা। আর আসল যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের নিরাপদ করা ও আড়াল করা।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, দুঃশাসন ও দুর্নীতির হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করে খালেদা জিয়ার নেতৃত্ব দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে- এ প্রত্যাশা আমরা যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে রাখছি।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মোনাজাতেও অংশ নেন তারা।

আরও পড়ুন