বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইতালীয় খুন: কাইয়ুমকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দুই কথা

homeminister-asadইতালীয় নাগরিক তাভেল্লা সিজার খুনের ‘নির্দেশদাতা’ হিসেবে বিএনপি নেতা এম এ কাইয়ুমকে শনাক্তের কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই সুর পাল্টিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এখন বলছেন, ওই বিএনপি নেতাকে সন্দেহের তালিকায় রেখেছেন তারা।

বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকের পর মঙ্গলবার রাতে বেসরকারি টেলিভিশন একাত্তরে দেয়া বক্তব্য থেকে সরে যান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, “যুগান্তর পত্রিকায় একজনের নাম প্রকাশ করেছে, আমি বলেছি, সে (কাইয়ুম) সন্দেহের তালিকায় রয়েছে, আমরা তাকেও সন্দেহ করছি।”

এরপর বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি একই কথা বলেছিলেন। বিএনপি নেতা কাইয়ুমের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না- এ প্রশ্নে তখন মন্ত্রী বলেন, “হ্যাঁ।” পুনরায় প্রশ্ন করা হলেও তিনি ‘হুঁ’ বলেছিলেন।

কিন্তু আজ বুধবার সচিবালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “এ ধরনের কথা হয়নি। আমি যেটা বলেছি, সেটা রিপিট করছি- আমি একাত্তর জার্নালকে বলেছি, যুগান্তর পত্রিকায় যেটা ছাপা হয়েছে যে, কাইয়ুম বিএনপির এক ওয়ার্ড কমিশনার, আমরা তাকে সন্দেহের তালিকায় রেখেছি। সে সন্দেহের তালিকায় রয়েছে। তাকে (কাইয়ুম) ছাড়াও আরও অনেকজনকে সন্দেহ করেছি, তারাও সন্দেহের তালিকায় আছে।”

অবশ্য গত বছরের মে মাসে একবার ৭ খুনের আসামি নূর হোসেনের এক সহযোগী হাসমত আলী হাসুকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে পরে অস্বীকার করেছিলেন আসাদুজ্জামান কামাল। ওই বছরের ৫ মে সকালে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, হাসুকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাতে সুর পাল্টিয়ে মন্ত্রী বলেন, “হাসমত আলী হাসুকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়ে আমরা নিশ্চিত নই। এখনো কনফিউশন রয়েছে। আইজিপি সাহেব এখনও জানেন না।”

সকালের নিশ্চিতের পর রাতে অস্বীকারের বিষয়ে তিনি তখন ব্যাখ্যা দিয়েছিলেন এভাবে- “আসলে আমি বলতে চেয়েছিলাম, আমি টিভিতে দেখেছি যে, তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে; আপনিও দেখেন।”

তাভেল্লা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তারের পর সোমবার পুলিশ বলেছিল, এক ‘বড় ভাই’য়ের নির্দেশে তারা হত্যাকাণ্ড ঘটায়। পরদিন মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনীতিবিদ রয়েছে। তবে তখন কারও নাম বলেননি তিনি। রাতে কাইয়ুমের নাম বলেন।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই দুই বক্তব্যের প্রেক্ষিতে জনমনে সেই ২১ আগস্ট জজ মিয়া নাটকের শঙ্কা দেখা দিয়েছে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি বিদেশি হত্যা ও পুরান ঢাকায় শিয়াদের ওপর বোমাহামলা নিয়ে আরেকটি জজ মিয়ার নাটক সাজানো হচ্ছে?

আরও পড়ুন