বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতেই দেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দারিদ্র ও খাদ্য নিরাপত্তা পরিমাপের পদ্ধতি বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
দরিদ্রতা শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী নীতি নিয়ে কাজ করছে সরকার উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অর্জন করেছেন, সেই বিরাট প্রাপ্তিকে ম্লান করতে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাবো।’
কামরুল বলেন, ‘ইতোমধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন পূরণের জন্য সকল মানুষকে পর্যাপ্ত নিরাপদ খাদ্য নিশ্চয়তা প্রদান অপরিহার্য। আমাদের স্বপ্ন, আমাদের টার্গেট ২০৪১ সাল।’


