শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বছরের প্রথম দিন সারাদেশের সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর মাঝে ৩৩ কোটিরও বেশি বই পৌঁছে দেয়া হবে। এরই মধ্যে ৭০ ভাগ বই ছাপানোর কাজ শেষ হয়েছে বলেও জানান মন্ত্রী
বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের কয়েকটি ছাপাখানা পরিদর্শনে শেষে তিনি এ কথা জানান।
অবিরাম কাজ করে চলেছেন ছাপাখানার কারিগররা। কারণ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে দেশের প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর কাছে যথাসময়ে বই পৌঁছে দিতে হবে তাদের। তাই দিন রাত কাজ করছেন কাগজ ছাপানো শিল্পীরা। এরই মধ্যে মাদ্রাসা আর মাধ্যমিকের প্রায় ৭০ শতাংশ বই ছাপার কাজ শেষ হয়েছে। এখন চলছে প্রাথমিকের শিক্ষার্থীদের বই ছাপা।
বছরের প্রথম দিন নতুন বই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে এবং কাজের অগ্রগতি দেখতে বুধবার রাজধানীর কয়েকটি ছাপাখানা পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান এ বছর প্রায় সাড়ে ৩৩ কোটি বই প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এই বছর মোট যতগুলো বই ছাপানো হবে তার মোট সংখ্যা হলো ৩৩ কোটি ৩৯ লক্ষ ৬১ হাজার ৭শ ২৪টি। আর এবার ৪ কোটি ৪৪ লক্ষ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দেয়া হবে। যে প্রক্রিয়ায় কাজ চলছে তাতে আমরা নিশ্চিত করতে পারি যথাসময়ে বই ছাপা শেষ হবে এবং যথাসময়ে আমরা পৌঁছে দিতে পারব।’
শিক্ষার্থীদের হাতে নির্ভুল পাঠ্যপুস্তক তুলে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে ৬টি কমিটি কাজ করছেন বলেও জানান নাহিদ।


