বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনায় এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে জাহাজের মালিক ও মাস্টারের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। পাশাপাশি কার্গো ডুবির ঘটনায় বনের ওপর প্রভাব ও প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরুপণে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার চাঁদপাই স্টেশনের বনকর্মী মিজানুর রহমান বাদী হয়ে কার্গো মালিক দিল খান ও মাস্টারের বিরুদ্ধে এই মামলা করেন বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাঈদুল ইসলাম। মামলা দায়েরের পর কার্গো মাস্টার বুলু কাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি শেখ লুৎফুর রহমান।
এদিকে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাঈদুল ইসলাম জানান, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেনকে প্রধান করে গঠিত এ কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে বাগেরহাটের মংলা উপজেলার পশুর নদীতে ৫১০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজটি ডুবে যায় বলে জানান মংলা থানার জয়মনির ঘোল নৌ-টহল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।।
কার্গো জাহাজ এমভি জি আর রাজের মাস্টার মো. ভুলু গাজী জানান, মংলা বন্দরসংলগ্ন সুন্দরবনের হারবাড়িয়া থেকে কার্গো জাহাজটি ৫১০ টন কয়লা নিয়ে খুলনা যাচ্ছিল। পথে সাইলো (খাদ্য গুদাম) সংলগ্ন পশুর নদীতে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। তবে জাহাজে থাকা ১০ জন নাবিক নিরাপদে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত বছরের ৯ ডিসেম্বর জয়মনির ঘোল সাইলো (খাদ্য গুদাম) থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সুন্দরবনের শ্যালা নদীতে একটি তেলবাহী ট্যাঙ্কার ডুবে যায়। এতে সুন্দরবনের জীববৈচিত্র্যের বেশ ক্ষতি হয়।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



