বিএনপির সব থেকে পদত্যাগ ও রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। বৃহস্পতিবার তিনি এই কথা জানিয়েছেন। শমসের মবিন চৌধুরী বলেছেন, অবসরে যাওয়ার বিষয়টি জানিয়ে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি ‘চিঠি’ লিখেছেন। বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ঐ চিঠি পৌঁছে দেয়া হয়েছে।
তিনি বলেন, আমি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। শারীরিকভাবে এখন আর রাজনীতি করার মতো অবস্থায় নেই। এ কারণে বিএনপির সব পদ থেকে সরে গিয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকেই তা কার্যকর হবে।
প্রোস্টেট ও চোখের সমস্যায় ভুগছেন জানিয়ে শমসের মবিন চৌধুরী বলেন, চিকিত্সার জন্য আমার বিদেশে যাওয়া জরুরি। এমআরপি পাসপোর্টের জন্য আবেদন জমা দিয়েছি। হাতে পেলেই যেতে চাই। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০১-২০০৫ সাল পর্যন্ত শমসের মবিন চৌধুরী পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর চাকরি মেয়াদ শেষে করে ২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন শমসের মবিন চৌধুরী। সে সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি। ২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়।


