বুধবার ৪ নভেম্বর ২০২৬

১ নভেম্বর থেকে জেএসসি/জেডিসি পরীক্ষা: ছাত্রের চেয়ে ছাত্রী বেশি

জেএসসি জেডিসি পরীক্ষানভেম্বরের প্রথম দিন থেকে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় বসছে বাংলাদেশের সোয়া ২৩ লাখ শিক্ষার্থী। এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

এবারের ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ছাত্রী; আর ছাত্র ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন। এই হিসেবে ছাত্রদের চেয়ে এক লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি ছাত্রী পরীক্ষা দেবে এবার।

এই শিক্ষার্থীদের মধ্যে জেএসসি পরীক্ষা দেবে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন। আর জেডিসিতে শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ৪৮৬ জন। ২০১৪ সালে এ পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন অংশ নিয়েছিল। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে দুই লাখ ৩৫ হাজার ২৪১ জন।

শিক্ষামন্ত্রী জানান, এবার দুই হাজার ৬২৭টি কেন্দ্রে ২৮ হাজার ৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮৫ জন। গত বছর এক হাজার ৮০৩টি কেন্দ্রে ১৮ হাজার ৮১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষা দিয়েছিল।

শ্রবণ প্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবেন।

প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপলসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়া সুযোগ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ পরীক্ষায় বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে্ অর্থাৎ এসএসসির মত দুটি অংশে আলাদা আলাদা পাসের প্রয়োজন নেই। জেএসসি-জেডিসি পাবলিক পরীক্ষা নয়, জাতীয় লেভেলের পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীরা লেখাপড়ায় আরও উদ্যমী ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠবে।”

মন্ত্রী বলেন, “এখন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া খুবই কঠিন হবে। মূল জায়গাগুলোকে মজবুত করার চেষ্টা করেছি। বিজি প্রেস থেকে কেউ প্রশ্ন নিয়ে আসা তো দূরে থাক, প্রশ্ন মুখস্ত করেও আসতে পারবে না। কোচিং সেন্টারগুলো প্রশ্ন ফাঁস করতে তাকিয়ে থাকে। আরেকটা কাজ তারা করে- তা হল সাজেশন, এগুলো বেআইনি।”

প্রশ্ন ফাঁস নিয়ে যে আইন রয়েছে ‘তার বাস্তব প্রয়োগ’ কখনো হয়নি মন্তব্য করে নাহিদ বলেন, “আইনটি আরও কড়াকড়িভাবে প্রয়োগের চেষ্টা করছি। প্রয়োজন হলে প্রশ্ন ফাঁস আইন সংশোধন করে আরও কার্যকর করব।” প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি রয়েছে এমন ৫০০ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার জেএসসি-জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানান তিনি।

শিক্ষসচিব নজরুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জেএসসি সূচি

১ নভেম্বর বাংলা প্রথম পত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর গণিত/সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা হবে।

এছাড়া ৯ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা; ১১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১২ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হাস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি এবং ১৮ নভেম্বর চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে।

জেডিসি সূচি

১ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৩ বাংলা প্রথম পত্র, ৪ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৯ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর আরবি প্রথম পত্রের পরীক্ষা হবে।

জেডিসিতে ১২ নভেম্বর আরবি দ্বিতীয় পত্র, ১৪ নভেম্বর গণিত, ১৫ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ১৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান (শুধু অনিয়মিত), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৭ নভেম্বর বিজ্ঞান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত) ১৮ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হাস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত) বিষয়ের পরীক্ষা রয়েছে।

আরও পড়ুন