বিএনপি থেকে সমশের মবিনের চৌধুরীর পদত্যাগে দলের কোন ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার আকস্মিক সফরে সিলেটে এসে শাহপরান(র:) এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।
ফখরল বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এখানে কোন ব্যক্তির পদত্যাগে ক্ষতি হবার বিষয় নেই”। ব্যক্তি আসবে যাবে কিন্তু দলে এতে প্রভাব পড়বে না বলে জানান তিনি।
শুক্রবার বেলা পৌনে একটার দিকে নভো এয়ারের একটি ফ্লাইটে সিলেটে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজারে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন তিনি। এরপর শাহপরান(র:) এর মাজার জিয়ারত করেন এই নেতা।
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগের পরদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেটে এই গোপন সফর নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা। তাঁর আসার খবর দলীয় এক নেতার সূত্রে নিশ্চিত হয়ে শুক্রবার সকালেই সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বিকেলে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে তিনি জরুরী বৈঠকে করবেন বলে জানা গেছে। সিলেট বিএনপির নেতৃত্ব সংকট নিয়ে ফখরুলের এই সফরে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত আসতে পারে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


