বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন চরম সংকটের মুখে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, দলটির ভাঙন এখন কেবল সময়ের ব্যাপার। বিএনপির মূল নেতৃত্বের সঙ্গে জঙ্গিবাদের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ তাদের।
শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
খাদ্যমন্ত্রী কামরুল বলেন, ‘দুজন শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়ার পথে। বেগম খালেদা জিয়ার মামলা যে গতিতে চলছে তা নিষ্পত্তি হতে খুব বেশিদিন সময় লাগবে না। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ডিসেম্বর-জানুয়ারিতে নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করছি। সেখানেও তারেক রহমানের পার পাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির এখন ত্রাহি ত্রাহি অবস্থা। তাদের মূল নেতৃত্বই আজকে চরম বিপদের সম্মুখীন। দুই নেতৃত্বরই মামলা দুটি নিষ্পত্তি হতে যাচ্ছে। আর তাদের ভাগ্যে কি হবে সেটা তারা বুঝতে পারছে।’
তিনি বলেন, ‘শমসের মবিন চৌধুরী বিএনপি থেকে সরে গেছেন। কোন অবস্থাতেই গণতন্ত্রপ্রিয় এবং শুভবুদ্ধি সম্পন্ন নেত্রীবৃন্দ তাদের সঙ্গে থাকবে না। বিএনপি’র ভাঙন কেবল সময়ের ব্যাপার।’
ত্রাণমন্ত্রী মায়া বলেন, ‘এই বিএনপি এখন আর বিএনপি নেই। যেই দলের মূল চরিত্র হল মানুষ হত্যা করা। আর মানুষ হত্যা করে উল্লাস করে- সেই দলে কোনো বিবেকবান মানুষ থাকতে পারে, আমার মনে হয় না।’


