মিশরের সিনাই পাহাড়ে রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে ২২৪ জন আরোহী নিয়ে রুশ এয়ারলাইন সংস্থা কোলাভিয়ার (মেট্রোজেট) এ-৩২১ এয়ারবাসটি শার্ম আল-শাইখের রেড সি রিসোর্ট থেকে রুশ শহর সেন্ট পিটার্সবার্গের পুলকভো বিমানবন্দরের দিকে যাওয়ার পথে আকাশে উড়ার ২৫ মিনিটের মধ্যে সিনাই পাহাড়ে বিধ্বস্ত হয়।
এদিকে এ ঘটনায় ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট এক জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর মিশরের নিরাপত্তা কর্মকর্তারা বলেছিলেন, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিমান ভূপাতিত করার দায় স্বীকারের বিবৃতিটি আইএসের অনানুষ্ঠানিক সংবাদ সংস্থা হিসেবে পরিচিত আমাক ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। টুইটারে বিবৃতি দিয়ে ওই জঙ্গিগোষ্ঠীর সমর্থকরা দাবি করে বলে, “ইসলামিক স্টেটের যোদ্ধারা ২২০ জন রুশ ক্রুসেডারসহ একটি রুশ বিমান সিনাই প্রদেশে ভূপাতিত করেছে। তারা সবাই নিহত। আল্লাহকে ধন্যবাদ (আলহামদুলিল্লাহ)।”
কিন্তু বিমানটিকে গুলি করে নামানো হয়েছে- এমন কোনো চিহ্নও পাওয়া যায়নি বলে জানান মিশরের নিরাপত্তা কর্মকর্তারা।
ঘটনাস্থলে থাকা চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাত ক্রুসহ বিমানের ২২৪ আরোহীরা সবাই মারা গেছেন। তল্লাশি ও উদ্ধারকারী দল এখনো নিহতদের দেহাবশেষ সংগ্রহ করছে বলে জানিয়েছেন তারা।


