বঙ্গোপাসাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রাম বন্দর, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরে তিন নম্বর সতর্ককতা সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের নৌকা ও মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।


