জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ ৩ জনকে হত্যাচেষ্টার ঘটনায় গোয়েন্দাদের সন্দেহের তীর জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দিকে। রোববার এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
এদিকে, লালমাটিয়ায় হামলার ঘটনায় বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে দুই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
রাজধানীর লালমাটিয়া সি ব্লকের যে বাড়িতে শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, লেখক-ব্লগার তারেক রহিম ও রনদীপম বসু আক্রান্ত হন সে বাড়িতে রোববারও ছিল পুলিশের নানা তৎপরতা।
পুলিশ গণমাধ্যমকে এড়িয়ে গেলেও বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল বেশ কিছু নতুন তথ্য। নিচতলার একজন বাসিন্দা জানালেন, শনিবার দুপুরে ৩ যুবক ঢুকেই কলাপসিবল গেট বন্ধ করে দেয়। আর তা দেখেন স্থানীয় মসজিদের খাদেম সবুজ।
তবে খাদেম সবুজ এ তথ্য অস্বীকার করে দাবি করেছেন, তিনি পুলিশ আসার পর মসজিদ থেকে বাড়িতে এসে এ ঘটনা জানতে পারেন।
এদিকে বাড়ির আরেক বাসিন্দা জানিয়েছেন, শনিবার হামলার শিকার ৩ জনকে উদ্ধার করার ঘণ্টাখানেকের মধ্যেই দারোয়ান আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলের এক সহকর্মী জানান, গত ২৬শে ফেব্রুয়ারি হুমকির কথা জানিয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন টুটুল।
ডায়েরি করার পরও টুটুল ও ২ লেখক ব্লগারের আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশের ব্যর্থতা দেখেন না ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র। প্রাথমিক তদন্তে শনিবারের দুটি ঘটনাই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেও জানান তিনি।
বিভিন্ন সময় ধরপাকড়ের পরও এমন ঘটনা ঘটছে কেন, এমন প্রশ্নের উত্তরে শুধু জঙ্গিবাদ দমনের জন্য পুলিশের একটি বিশেষায়িত শাখা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন মনিরুল ইসলাম।


