বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রকাশক হত্যা: জাতিসংঘ, ইইউ ও যুক্তরাজ্যের নিন্দা

UN-UK-EUflag-01জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপন এবং ব্লগার, প্রকাশক এবং মুক্তমতের চর্চাকারীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ। বৈশ্বিক এই সংস্থার বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রবার্ট ডব্লিউ ওয়াটসকিন শনিবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই নিন্দা প্রকাশ করেন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডব্লিউ ওয়াটসকিন বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এ সব হত্যাকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করা উচিত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যে সকল নাগরিক এখনো নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন অনতিবিলম্বে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ফয়সাল আরেফিন দীপনকে হত্যা, আহমেদুর রশিদ টুটুল, তারেক রহিম এবং রণদীপম বসুর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত এবং নিয়ন্ত্রণ করে।’

এর আগে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং আরও তিনজন ব্লগার ও প্রকাশকের ওপর সহিংস হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু।
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে গতকাল শনিবার বিকেলে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিন্তক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।

এ ছাড়া একই দিন প্রায় একই সময়ে রাজধানীর মোহাম্মদপুরে একটি প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে নিহত ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ও দুই ব্লগারকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হন শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক, গবেষক ও ব্লগার সুদীপ কুমার ওরফে রণদীপম বসু ও তারেক রহিম।

আরও পড়ুন