প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতে ওথম্যান। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে যান মালয়েশীয় হাইকমিশনার। এসময় বাংলাদেশ ও মালয়েশিয়ার অর্থনৈতি সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল, বিদ্যুৎ, অবকাঠামো ও কৃষিভিত্তিক শিল্পের মতো বিভিন্ন খাতে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার সকল ক্ষেত্রে অগ্রগতি জোরদারে উভয় দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে নিয়মিত আলোচনায় বসতে সম্মত রয়েছে।
ঢাকায় অবস্থানকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য নরলিন বিনতি ওথম্যানকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
নরলিন ওথম্যান বিভিন্ন খাতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করেছে।
পেট্রোলিয়াম আমদানিতে সহযোগিতার ব্যাপারে হাইকমিশনার বলেন, বাংলাদেশের পেট্রোবাংলা মালয়েশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী পেট্রোনাস থেকে পেট্রোলিয়াম আমদানি করছে।
বৈঠককালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।


