শিক্ষকদের জন্য আলাদা কোনো বেতন কাঠামো করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সকালে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র কোনো পে-স্কেলের পরিকল্পনা নেই। প্রচলিত পে-স্কেলেই বেতন-ভাতা পাবেন তারা।
বেতন-স্কেল, পদোন্নতিসহ সংশ্লিষ্ট ৫ দাবিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শরণাপন্ন হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-প্রতিনিধিরা। এসময় মন্ত্রী সাফ জানিয়ে দিলেন তাদের জন্য স্বতন্ত্র কোনো পে-স্কেলের পরিকল্পনা নেই।
অর্থমন্ত্রী বলেন, আজ (রোববার) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বৈঠক আছে। সেখানে এসব নিয়ে কথা বলবো। এই প্রথম কেউ আমাকে বিষয়গুলো জানাতে এলো। এর আগে আপনাদের বিষয়ে আমাকে কেউ কিছু জানান নি। দেখা যাক, কি করা যায়।
এদিকে শিক্ষকদের দাবিগুলো হলো- ৮ম পে-স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতনস্কেল প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিচের ধাপেই নির্ধারণ, প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে এন্ট্রিপদ ধরে সব আর্থিক সুবিধাসহ শতভাগ পদোন্নতি প্রদান, ৮ম জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল বহালসহ যথাসময়ে যোগদান তারিখ অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ চক্রবৃদ্ধিহারে দেওয়া, সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষক পদে পদায়ন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া, প্রাথমিক ডিপার্টমেন্টকে নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা।


