সিম নিবন্ধনে গ্রাহকদের আবেদনপত্রের তথ্য ও জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তি করেছে দেশের সব মোবাইল ফোন কোম্পানি। ফলে এখন থেকে গ্রাহকরা আর অবৈধভাবে সিম নিবন্ধন করার সুযোগ পাবেন না। কারণ নিবন্ধনের সময় গ্রাহকের জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারবে অপারেটররা।
মঙ্গলবার আগারগাঁওয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে জানান এনআইডি উইংয়ের পরিচালক আনোয়ার হোসেন।
চুক্তির ফলে নির্বাচন কমিশনের হাতে সংরক্ষিত নাগরিকদের তথ্যভাণ্ডার এখন থেকে ব্যবহারের সুযোগ পাবে দেশের ৬ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল ও রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। মোবাইল গ্রাহকদের নিবন্ধনের তথ্যের সঙ্গে তাদের পরিচয়পত্রের তথ্য মিলিয়ে দেখা সম্ভব হবে।
ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডার ব্যবহারের অনুমিত চায় কোম্পানিগুলো।


