নাশকতার তিন মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের পর জামিন চেয়ে করা আবেদন খারিজ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন জামিন আবেদনের শুনানি করে এই আদেশ দেন।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে নাশকতার তিন মামলায় জামিনের আবেদন করেন মির্জা ফখরুল।
পল্টন থানার এই তিন মামলায় আপিল বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন ফখরুল। বিদেশ থেকে ফেরার পর তার জামিনের মেয়াদ বাড়ানোও হয়।
তিনি আত্মসমর্পণের আগে আরও সময় চেয়ে আবেদন করলে গত সোমবার তা নাকচ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবারের মধ্যে ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।


