নারায়ণগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করার মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এই মামলায় অন্য তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন।
ফাঁসিরদণ্ডপ্রাপ্তরা হলেন- মোহর চাঁন ও আমির হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন- সফর আলী, নুরে আলম ও মনির। রায়ের সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল তানিয়া। ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর আমির ও তার বন্ধুরা তানিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ শীতলক্ষ্যা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়। ওই ঘটনায় তানিয়ার পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়।
মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালত রায় ঘোষণা করে।



