বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বাংলাদেশে আইএসের কার্যক্রম প্রাথমিক পর্যায়ে’

seglky_39349বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উপস্থিতি বা কার্যক্রম প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো বড় পরিসরে যেতে পারেনি। বলেছেন, ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইয়িদ আতা হাসনাইন। বাংলাদেশ মৌলবাদ ও সন্ত্রাসকে ঠেকাতে কার্যকর ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার দুপুরে নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ‘বিস’-এর আয়োজনে কাউন্টার টেরোরিজম চ্যালেঞ্জেস ইন সাউথ এশিয়া- শীর্ষক এক বক্তৃতায় একথা বলেন তিনি।

ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সাইয়িদ আতা হাসনাইন বলেন, ‘সন্ত্রাসবাদ ঠেকাতে বাংলাদেশের কার্যকর ভূমিকা সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। এখানে কিছু গোপন জঙ্গি গোষ্ঠী রয়েছে সরকারও সে ব্যাপারে সচেতন। বাংলাদেশ বা ভারতে আইএসের কার্যক্রম জোরদার নয় এখনো। এই দেশগুলোতে শুরুর দিকে রয়েছে এই গোষ্ঠীটির কার্যক্রম।’

তিনি বলেন, তারা বড় আকারে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েনি বরং তারা এখনও ছোট আকারে কাজ করছে এবং কীভাবে ছড়িয়ে পড়া যায় সেটির চেষ্টা করছে।

সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আমাদেরকে চোখ-কান খোলা রাখতে হবে।

তার সামরিক জীবনে তিনি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং তার অভিজ্ঞতা থেকে তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সন্ত্রাসী কার্যক্রমের তুলনামূলক চিত্র তুলে ধরেন।

তার মতে, ভূটান একটি শান্তিময় দেশ এবং বাংলাদেশ সফলতার সঙ্গে মৌলবাদের মোকাবেলা করেছে।

ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ অত্যন্ত সুরক্ষিত, কারণ সংস্কৃতি ও ভাষার দিক থেকে অত্যন্ত সংহত। তবে তিনি বলেন, ঘনবসতি হবার কারণে বাংলাদেশ মৌলবাদ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন পশ্চিমা দেশ বাংলাদেশে আইএস’র উপস্থিতির বিষয়ে বিভিন্ন ভ্রমণ সতর্কতা ও নোটিশে উল্লেখ করছে। তবে বাংলাদেশ সরকার এসব বিষয় নাকচ করে দিয়েছে। বলছে, বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই।

আরও পড়ুন