বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাসায় ঢুকে শিশুকে হত্যা, এলোপাতাড়ি কোপে মা-বোন আহত

1436336479বাসায় ঢুকে ১২ বছরের এক শিশুকন্যাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের এলোপাতাড়ি কোপে জখম হয়েছে শিশুটির মা, বোন ও এক প্রতিবেশী। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় আল মদিনা মসজিদের কাছে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশের কাছে স্পষ্ট নয়। বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের নাম সোহেলী আক্তার (১২), সে একে স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। আহত সোহেলীর মা সাহিদা মৃধা ডলি (৩৫), বোন সারা (৭) ও প্রতিবেশী জালাল আহমেদকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী। বলেন, “ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছে। আহত বাকি তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ফারুক নামে এক প্রতিবেশী জানান, গতমাসের ১৮ তারিখে ইতালি প্রবাসী সোহেলীর বাবা সেলিম বাংলাদেশে আসেন। রাতে ওই সময় সেলিম বাসার বাহিরে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলে সোহেলী মারা যায়।”

তাদের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলেও জানান ওই প্রতিবেশী।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, “ডলি ও জালালের মাথায় ‍কোপের দাগ রয়েছে। আর সোহেলির বোন সারার শরীরে কোপের জখম রয়েছে।”

আরও পড়ুন