বুধবার ৪ নভেম্বর ২০২৬

লুটপাটের মামলায় এমপি লিটনের জামিন, শিশুকে গুলির মামলায় নামঞ্জুর

Manjurul+Islam+Litonশিশু সৌরভকে গুলি করার মামলায় তৃতীয় দফায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন নামঞ্জুর করেছে আদালত। তবে বাড়ি ভাঙচুর ও লুটপাটের আরেক মামলায় তার জামিন মঞ্জুর করেছেন একই অদালত।

গাইবান্ধার আমলী আদালতের (সুন্দরগঞ্জ) দায়িত্বে থাকা বিচারক অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান ইউছুফ বুধবার দুপুরে এই আদেশ দেন। জামিন শুনানির সময় এমপি লিটনকে আদালতে উপস্থিত ছিলেন না।

এর আগে বুধবার সকালে এমপি লিটনের অন্যতম আইনজীবি মো. সিরাজুল ইসলাম বাবু গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতে দু’টি মামলায় জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) এ কে এম এনামুল করিম।

গত ২ অক্টোবর ভোরে এমপি লিটন মাতাল অবস্থায় গাড়ী নিয়ে সুন্দরগঞ্জ থেকে বাড়ী উপজেলার বামনডাঙ্গায় ফিরার পথে ৯ বছরের শিশু সৌরভকে গুলি করেন। সৌরভের পায়ে তিনটি গুলিবিদ্ধ হয়। এছাড়া ওই দিনেই সকাল সাড়ে ৮টার দিকে এমপি লিটন ও তার লোকজন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মন্ডলের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করেন। গত ৩ অক্টোবর রাতে এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। গত ৭ অক্টোবর এমপি লিটনসহ ১০জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মন্ডল।

এর পর গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে লিটনকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাইক্রোযোগে পরদিন গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ওইদিন দুপুর ১২ টায় তাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতে হাজির করা হলে দায়িত্বে থাকা বিচারক অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান ইউছুফ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানো নির্দেশ দেন। দ্বিতীয় দফায় গত ২৫ অক্টোবরও একই আদালত তার দু’টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

আরও পড়ুন