অসুস্থ হয়ে হাসপাতালে আছেন বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। নব্বই বছর বয়সী নুরজাহানকে বুধবার দুপুরের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কয়ারের পক্ষ থেকে জানানো হয়, তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন। ডা. মির্জা নাজিমউদ্দিনের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি।
নূরজাহান বেগমের জন্ম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে। বাবা সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। বেগম পত্রিকাটি বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক। ১৯৪৭ সালে এটি কলকাতা থেকে প্রকাশিত হয়। ১৯৫০ সালে ‘বেগম’ ঢাকায় স্থানান্তর করা হয়।
‘বেগম’র প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন। প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন বেগম সুফিয়া কামাল। তবে চার মাস পর থেকেই পত্রিকাটির সম্পাদনা শুরু করেন নাসিরউদ্দীনের মেয়ে নূরজাহান বেগম।


