পাবনায় অনুপ আগরওয়ালা (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মধ্য শহরের দিলালপুর টাউন হলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত অনুপ স্থানীয় কাপড় ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরওয়ালার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, টাউন হলপাড়ায় ইছামতি নামের একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে পিতা-মাতার সঙ্গে বসবাস করে আসছিলেন অনুপ আগরওয়ালা। রাতে বাড়ির অদূরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের গেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে।
ওসি জানান- কারা, কী কারণে তাকে হত্যা করেছে? তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


