জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে শুভ সূচনা করেছে টাইগাররা। বৃহস্পতিবার সকালে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ একাদশের দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হকের দৃঢ়তায় প্রথম ১৮ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯২ রান সংগ্রহ করেছে। ইমরুল কায়েস ৫৮ বলে চারটি চার আর দুটি ছক্কায় ৫১ রান আর বিজয় ৫১ বলে চারটি চার আর একটি ছক্কায় ৩৯ রান নিয়ে ব্যাট করছেন।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। কিন্তু সদ্য ডেঙ্গু জ্বরের ধকল কাটিয়ে মাঠে ফেরা মাশরাফি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বলে জানিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফলে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম।
প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৭, ৯ ও ১১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
ক্রীড়া প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


