বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে সারাদেশে সমাবেশ

Faridpur-BCS-26-dঅষ্টম বেতন কাঠামোয় বাতিল করা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ ছয় দফা দাবিতে সারা দেশে প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস ক্যাডাররা। বিসিএস তথ্য ক্যাডার ও প্রকৃচি (প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক) বিসিএস সমন্বয় পরিষদের আহ্বানে আজ বৃহস্পতিবার এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ছয় দফাগুলো হলো উপজেলায় হস্তান্তরিত ১৬ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বেতন বিলে ইউএনওর স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিল করতে হবে, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনবর্হাল করতে হবে, পেশাভিত্তিক মন্ত্রণালয় স্থাপন, আন্তক্যাডার বৈষম্য নিরসন, পদোন্নতির ক্ষেত্রে সব ক্যাডারের সমান সুযোগ এবং উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ের সব বিভাগের সর্বোচ্চ কর্মকর্তাদের একই মর্যাদা প্রদান।

ময়মনসিংহ : দুপুরে ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রকৃচি বিসিএস সমন্বয় পরিষদ জেলা কমিটির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমন্বয় কমিটির আহ্বায়ক ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মতিউর রহমান ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব ও সরকারি আনন্দমোহন কলেজের উপাধ্যক্ষ ড. গাজী হাসান কামাল ও ডা. আব্দুর রব, কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান প্রমুখ।

নেত্রকোনা : শহীদ মিনার প্রাঙ্গণে দুপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় কর্মরত বিসিএস সমন্বয় কমিটি, ননক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা। সমাবেশে বক্তব্য দেন বিসিএস সমন্বয় কমিটির সভাপতি ও জেলা সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, সাধারণ সম্পাদক সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক ডা. আহসান কবীর রিয়াদ, কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রমুখ।

ফরিদপুর : মধুখালীতে দুপুর ১২টার দিকে মানববন্ধন করে বিসিএস ক্যাডাররারা। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ উপজেলা কৃষি কর্মকর্তা খালেদা পারভীন, অধ্যাপক মির্জা গোলাম ফারুক, কৃষিবিদ জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

নীলফামারী : কিশোরগঞ্জ উপজেলায় ১৬টি দপ্তরের কর্মকর্তারা দুপুরে ইউএনও অফিস চত্বরে সমাবেশ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অষ্টম পে-স্কেলে বাতিলকৃত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজ, প্রধান শিক্ষক মাহমুদ শরিফ ও উচ্চমান সহকারী আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম।

আরও পড়ুন