শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

নেদারল্যান্ড সফর শেষে দেশে প্রধানমন্ত্রী

PM-Returnতিন দিনের সফর শেষে নেদারল্যান্ডস থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গত মঙ্গলবার এই সফরে যান প্রধানমন্ত্রী। এ সফরে ইউরোপের দেশটির সঙ্গে চারটি চুক্তি সই হয়েছে বাংলাদেশের। বুধবার চুক্তি সইয়ের আগে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শেখ হাসিনা। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। ওই বৈঠকের পর এক যুক্ত বিবৃতিতে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে ‘ব-দ্বীপ পরিকল্পনা’ বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ ও নেদারল্যান্ডস একমত হয়েছে।

বৈঠকের আগে শেখ হাসিনা ডাচ রানি ম্যাক্সিমার সঙ্গে দেখা করেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন রানি।

ওই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মার্ক রুটের দেওয়া নৈশভোজে যোগ দেন শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের ব-দ্বীপ অঞ্চল ও পোতাশ্রয়ও পরিদর্শন করেন। ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউম্যান এবং অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি শুল্জ্ ফান হেগেন সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল কক্ষে দেখা করেন।

সফরের শেষ দিন বৃহস্পতিবার সকালে ডাচ ব্যবসায়ী নেতাদের নিয়ে এক সেমিনারে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনাগুলো তুলে ধরেন শেখ হাসিনা। পরে তিনি ফল ও সবজি উৎপাদনকারী স্থানীয় প্রতিষ্ঠান কর্নস্ট্রা অ্যান্ড কোম্পানি ও টমেটো ওয়ার্ল্ড পরিদর্শন করেন।

দেশের পথে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়। ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, কোনো ষড়যন্ত্র বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।

শিফল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং বাংলাদেশে ডাচ রাষ্ট্রদূত লিওনি মার্গারেট কিউলেনেরো।

দেশে ফেরার পথে ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবুধাবিতে পৌঁছে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। পরে বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে পৌঁছান।

আরও পড়ুন