বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মন্দিরে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর

Dhaka-Photo-Laxmi-Idolবগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর লাঠিগঞ্জ বাজার সংলগ্ন মালিপাড়া দুর্গা মন্দিরে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ওই মন্দিরে দুর্বৃত্তরা প্রবেশ করে লক্ষ্মী প্রতিমা তুলে নিয়ে পার্শ্ববর্তী সৈয়দ আহম্মদ কলেজ পুকুর পাড়ে ভাঙচুর করে ফেলে রেখে যায়।

শুক্রবার সকালে ওই গ্রামের লিলি রানী নামে এক গৃহবধূ মন্দিরে প্রতিমা দেখতে না পেয়ে স্থানীয়দের জানান। পরে লোকজন পুকুর পাড়ে ভাঙচুর করা অবস্থায় প্রতিমা দেখতে পান। বিষয়টি গাবতলী থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমথ চন্দ্র মালী জানান, গত মঙ্গলবার ওই মন্দিরে লক্ষ্মী পূজা করা হয়েছে। এরপর থেকে প্রতিমা মন্দিরে রাখা হয়েছিল। রাত ১২টা পর্যন্ত লোকজন মন্দিরে লক্ষ্মী প্রতিমা দেখেছেন। এরপর দুর্বৃত্তরা মন্দির থেকে প্রতিমা তুলে নিয়ে মাথা ভেঙে ২শ’ গজ দূরে বুড়িতলা নামক স্থানে পুকুরপাড়ে ফেলে রেখে যায়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন