শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

হিন্দু নারীর গর্ভের সন্তান হত্যার প্রতিবাদে মানববন্ধন

feni-ফেনীর মাথিয়ারা গ্রামে গত ২৭ অক্টোবর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলায় মাতৃত্ব হারান তুলসী রানী রায়। ওই সময় তার পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যা করা হয়। এর প্রতিবাদেই আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাগো হিন্দু পরিষদ।

সমাবেশে বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর সুষ্ঠু বিচার দাবি করেন। সেই সঙ্গে হামলায় আহত সবার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনার যথাযথ প্রতিবাদ না করায় বক্তারা এসময় বিভিন্ন নারীবাদী ও মানবাধিকার সংগঠনেরও সমালোচনা করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনের সমাবেশে উপস্থিত ছিলেন ইস্কন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্যপরিষদের সাংগঠনিক সম্পাদক বলাম বাহাদুর, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ, অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, সংগীতানন্দ মহারাজ, রুপানূগ গৌর দাস ব্রহ্মচারী, সাংবাদিক দীলিপ ভদ্র, অভি দত্ত, প্রিতম দেবনাথ, উত্তম দাস, নিতাই দেবনাথ সুমন দেবনাথ, স্বরূপ সরকার প্রমুখ।

সমাপনী বক্তব্যে জাগো হিন্দু পষিদের সভাপতি রঞ্জিত দাস বলেন, ‘নিয়মিত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করে এদেশের জাতিগত বৈচিত্রতা নষ্ট করার এক নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। অচিরেই একটি সংখ্যালঘু নিরাপত্তা কমিশন গঠন করে এদেশে বসবাসরত সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর মধ্যরাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাথিয়ারার জেলেপাড়ায় আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে হিন্দু বাড়িতে হামলায় ৭ মাসের অন্তঃসত্ত্বা তুলসী রানী দাস কনিকার গর্ভের সন্তান মারা যায়। অভিযোগ করা হয় তার পেটে লাথি মারার কারণেই মাতৃত্ব হারান তুলসী রানী।

আরও পড়ুন