আজ শনিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্ববুয়ের মোকাবেলা শুরু করছে স্বাগতিক বাংলাদেশ। দুপুর ১টায় মিরপুরর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। সর্বশেষ সফরে জিম্বাবুয়ে ৫-০ ব্যবধানে সিরিজ হেরছিল স্বাগতিক বাংলাদেশের কাছে। তাই এবারের সিরিজে ভিন্ন একটি দলকে তারা স্বাগতিকদের সামনে উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন জিম্ববুয়ে অধিনায়ক এল্টন চিগুমবুরা।
শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘আমরা বদলে যাওয়া মানষিকতা নিয়ে ফের স্বাগতিক দলের মোকাবেলা করতে যাচ্ছি। ছেলেরা এখন স্পিনের মোকাবেলা করতে সক্ষম। এই উইকেট সম্পর্কেও আমাদের ভালো ধারণা হয়েছে। এখানে সিমাররাও সহযোগিতা পাবে। আমরা শুধুমাত্র একটি বিভাগ নিয়ে ভাবছি না। স্পিন হোক কিংবা পেসার সব কিছু মোকাবেলার জন্যই আমরা প্রস্তুত। আমরা এটি প্রমাণ করতে চাই যে ছেলেরা যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত।’
অবশ্য প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে জিম্বাবুয়ে প্রমাণ করেছে যে তারা আসলেই কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে টাইগারদের। এদিকে ২০০১ সালের পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ কখনো হোম সিরিজ হারেনি। গত বছর সর্বশেষ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার পর অসাধারণ এক জয়ের ধারায় প্রবেশ করেছে টাইগাররা। এ সময় পাকিস্তান, ভারত ও দক্ষিন আফ্রিকার মত ক্রিকেট পরাশক্তির বিপক্ষে নিজ মাঠে সিরিজ জয় করেছে টাইগাররা। এর আগে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলার ও যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দল।
এরই ধারাবাহিকতা ধরে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজটিও জয় করতে চান টাইগার দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। তবে প্রস্তুতি ম্যাচের হারটিকে দুঃখজনক মন্তব্য করে আজ ম্যাচপুর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলে, ‘শুধু অধিনায়ক ছিলাম বলেই নয়, যে কোনো ম্যাচ হারতে খুব খারাপ লাগে। কিন্তু অনুশীলনের উদ্দেশ্য যেটা ছিল, পূরণ হয়েছে। মুশফিক অনেকটা সময় ব্যাটিং করেছে। লিটন ছিল কিছু সময়, ইমরুলও ফিফটি করেছে। আমি ৭ ওভার বোলিং করেছি। সবমিলিয়ে যেটা আমরা করতে চেয়েছিলাম, সেটা হয়েছে। কিন্তু ম্যাচটি হেরে গেছি, সে জন্য কিছুটা হতাশ। তবে আসল লড়াইয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। আমি মনে করি খুব ভালো লড়াই হবে। আর আমি সবসময় মনে করি জয়টাই আসল। কিভাবে জিতলাম সেটা গুরুত্বপূর্ণ নয়।’
সফলতার সঙ্গে ধারাবাহিক হোম সিরিজে অংশ গ্রহণের প্রতিদানও লাভ করেছে বাংলাদেশ। ক্রিকেট র্যাংকিংয়ের ইতিহাসে তারা প্রথমবারের মত পৌঁছে গেছে সপ্তম স্থানে। ফলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহনেরও সুযোগ লাভ করেছে বাংলাদেশ। সফরের আগে নিজেদের মাঠে আফগানিস্তানের কাছে পরাজয়ের তেতো স্বাদ নিয়ে বাংলাদেশে আসা জিম্বাবুয়ে নতুন করে সব কিছু শুরু করতে চায়। আফগানিস্তানের কাছে ৩-২ ব্যবধানে ওডিআই সিরিজ হারার পর জিম্বাবুয়ে দুই ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নবাগত আফগানদের কাছে। দলপতি চিগুমবুরা বলেন, ‘আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের উপরে তুলে ধরা এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির প্রতি মনোযোগ দেয়া। ’
শনিবার সিরিজের প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফির অংশগ্রহণের বিষয়টি অবশ্য এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ডেঙ্গু জ্বর থেকে ফেরা এই পেসার এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ফিটনেস লাভ করতে পারেননি। সাইড স্ট্রেইনের কারনে একাদশ থেকে আগেই ছিটকে পড়েছেন সৌম্য সরকার। তার পরিবর্তে দলভুক্ত হয়েছেন ইমরুল কায়েস।
বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তাজা (অধি:), তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, শাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও কামরুল ইসলাম।
জিম্বাবুয়ে: এলটন চিগুমবুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাবা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংবে, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, তরাই মুজারাবানি, জন নিউম্বু, তিনাশে পেনিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, সিন উইলিয়ামস।
ক্রীড়া প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


