বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রবাসে নারী কর্মীদের ওপর যৌননির্যাতনের খবর সঠিক নয়: মন্ত্রী

nurul+islam_96506প্রবাসে বাংলাদেশি নারী কর্মীদের ওপর যৌন হয়রানি ও নির্যাতন বৃদ্ধির খবর তথ্যভিত্তিক ও সঠিক নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। রোববার সংসদে সরকার দলের সদস্য কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত নারী কর্মীদের মধ্যে বিচ্ছিন্ন কিছু নির্যাতনের ঘটনার খবর পাওয়া যায়। এ ধরনের খবর পাওয়া মাত্রই দূতাবাস তাদের উদ্ধার করে সব ধরনের আইনি সহায়তা প্রদান এবং তাদের নিয়োগকর্তার সাথে আলোচনা করে বকেয়া বেতন ভাতাসহ আশ্রয় প্রদানের ব্যবস্থা করে।

নুরুল ইসলাম বিএসসি বলেন, কোনো গৃহকর্মী নিয়োগকর্তার অধীনে কাজ করতে অনীহা প্রকাশ করলে তার ইচ্ছানুযায়ী অন্যত্র কাজের ব্যবস্থা করা হয় অথবা স্বেচ্ছায় দেশে ফেরত যেতে চাইলে প্রেরণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি বলেন, গত ২৪ মে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৪ তলা থেকে পড়ে মমতাজ বেগম নামে এক নারী কর্মী মারা যান। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করা হয়েছিল। পুলিশ ও ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী মৃত মমতাজের শরীরে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি।

মন্ত্রী বলেন, বিদেশগামী নারী কর্মীদের বিদেশ যাওয়ার পূর্বে বর্তমানে ৩০ দিনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে গন্তব্য দেশের আইন-কানুন, রীতি-নীতি-ভাষা, কাজের ধরণ, পরিবেশ, নিরাপত্তা, প্রয়োজন ক্ষেত্রে সংশ্লি­ষ্ট দেশে অবস্থিত দূতাবাসের সাথে যোগাযোগের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সচেতন করা হয়।

নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস হাইকমিশনের তত্ত্বাবধানে সেইফ হোম প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান বিএসসি।

আরও পড়ুন