বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএনপি সংলাপ চেয়েছে জাতীয় স্বার্থে: নোমান

nomanবিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দলীয় স্বার্থ বা দাবি আদায় নয়, জাতীয় স্বার্থেই সংলাপের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাইলে নোমান প্রথম আলোকে এই কথা বলেন।

গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে বলেছিলেন, বর্তমান সংকট উত্তরণে সরকার কর্তৃত্ববাদী মনোভাব থেকে সরে এসে একটি জাতীয় সংলাপের সূচনার পরিবেশকে উন্মুক্ত করবে বলে তাঁরা আশা করছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আজ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোনো খুনির সঙ্গে সংলাপে বসার ইচ্ছা নাই। তবে যুদ্ধাপরাধীদের বিচারে সমর্থন দিলে বিষয়টি ভেবে দেখব।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রী যা ইচ্ছা বলতেই পারেন। কিন্তু তিনি যে প্রশ্নগুলো অবতারণা করেছেন, শাসনক্ষমতায় অধিষ্ঠিত রাজনীতিকের বক্তব্য এমন হতে পারে না। বিএনপি কী করবে না করবে তা বিএনপির বিষয়। বিএনপি জাতীয় সংলাপের কথা বলেছে। সুনির্দিষ্ট কোন দফা আদায়ের কথা বলেনি, বা কোনো দাবি আদায়ের জন্য সংলাপ চায়নি। দেশে এখন একটি সংকট চলছে, অস্থিরতা বিরাজ করছে। মানুষের মধ্যে সৃষ্ট উৎকণ্ঠা দূর করা ও আস্থা সৃষ্টির লক্ষ্যে একটি জাতীয় ঐক্য প্রয়োজন। সে জন্য জাতীয় সংলাপের প্রয়োজন।

আরও পড়ুন