দশম সংসদের অষ্টম অধিবেশন শুরু হবে রবিবার বিকেল সাড়ে ৪টায়। অধিবেশনের আগে বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানা গেছে, অষ্টম অধিবেশনের জন্য এ পর্যন্ত ১৪টি বিল তালিকাভুক্ত হয়েছে। এ ছাড়া আলোচিত সরকারি চাকরিজীবীদের গ্রেফতারে পূর্বানুমতি লাগবে এমন বিধান করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা খর্ব করার সংশোধিত আইনটি পাসের এক বছরের মাথায় সেটি আবারও সংশোধনের উদ্যোগ নিয়েছে। এই অধিবেশনে সংশোধিত বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় সংসদের আইন শাখায় দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১৫ নামে বিলটি ইতোমধ্যে জমা পড়েছে।
এদিকে সপ্তম অধিবেশনে উত্থাপিত গণকর্মচারী (বিদেশী নাগরিকের সাথে বিবাহ) বিলটিও এই অধিবেশনে পাস হতে পারে। এটি পাস হলে পূর্বানুমতি ছাড়া বিদেশী নাগরিক বিয়ে করলে চাকরিচ্যুত হবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। গত ৯ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে পাঠান হয়। কমিটি বিলটি যাচাই-বাছাই শেষে পাসের জন্য সংসদ সচিবালয়ে পাঠিয়েছে।
এ ছাড়া সুপ্রীম কোর্টের বিচারপতিদের ছুটি, অবসরকালীন ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি সংক্রান্ত বিলটিও পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় সংসদের লেজিসলেটিভ ড্রাফটস কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, সুপ্রীম কোর্ট জাজেস (লিভ, পেনশন এ্যান্ড প্রিভিলেজেস) সংশোধন বিলটি চূড়ান্ত করা হয়েছে। ৯-১০ নভেম্বর কমিটি একটি বৈঠক করে তা পাসের জন্য পাঠাতে পারে।
সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে আরও জানা গেছে, অষ্টম অধিবেশনের জন্য এ পর্যন্ত ১৪টি বিল তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ৪টি নতুন বিল রয়েছে। কিছু বিল কমিটিতে বিবেচনাধীন রয়েছে। বিবেচনাধীন বিলের মধ্যে রয়েছে সুপ্রীম কোর্ট জাজেস (লিভ, পেনশন এ্যান্ড প্রিলেজেস) সংশোধন বিল ২০১৫, বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল ২০১৫, উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল ২০১৫, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০১৫, ট্রেডমার্ক (সংশোধন) বিল ২০১৫, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল ২০১৫, পোর্টস (সংশোধন) বিল ২০১৫, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল ২০১৫, বাংলাদেশ কয়েনস (সংশোধন) বিল ২০১৫ ও গণকর্মচারী (বিদেশী নাগরিকের সহিত বিবাহ) বিল ২০১৫।
আর নতুন আসা চারটি বিল হল— রাষ্ট্রপতি অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল ২০১৫, উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিল ২০১৫, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০১৫, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিল ২০১৫।
এর আগে দশম সংসদের সপ্তম ও সরকারের দ্বিতীয় বছরের তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর শেষ হয় মাত্র আট কার্যদিবসেই। এটি গত ১ সেপ্টেম্বর শুরু হয়েছিল। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।


