বনানী কবরস্থানে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়া। সোমবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সী আসমার মৃত্যু হয়।
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মায়ের হার্ট অ্যাটাক হয়। এরপর ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকালে আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে আসমা কিবরিয়ার জানাজা হয়। সন্ধ্যায় বনানী কবরস্থান মসজিদে আরেক দফা জানাজা শেষে সেখানেই তার দাফন হয়। এ সময় সাংসদ দীপু মনিসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বজনরা বনানী কবরস্থানে উপস্থিত ছিলেন।
আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ অনেকেই।
বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশিষ্টজনরা আজাদ মসজিদে আসমা কিবরিয়ার জানাজায় অংশ নেন।


