ভিকারুননিসা স্কুল ও কলেজের ছাত্রী ধর্ষণের মামলায় শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে রায় আগামী ২৫ নভেম্বর ঘোষণা করা হবে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. সালেহ উদ্দিন রাষ্ট্র পক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মঙ্গলবার রায়ের এই দিন ঠিক করেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মাহফুজ মিয়া।
এদিন মামলার একমাত্র আসামি পরিমলকে কারাগার থেকে আদালত হাজির করা হয়। মামলায় মোট ৩৭ সাক্ষীর মধ্যে ২৮ জন বিভিন্ন সময়ে আদালতে সাক্ষ্য দেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৫ জুলাই রাজধানীর বাড্ডা থানায় ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর বাবা। ৬ জুলাই ঢাকার কেরানীগঞ্জে স্ত্রীর বড় বোনের বাসা থেকে পরিমলকে গ্রেপ্তার করে পুলিশ।
২০১১ সালের ২৮ নভেম্বর পরিমলের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমান ও অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অব্যাহতির সুপারিশ করা হয়।
২০১২ সালের ৭ মার্চ পরিমল জয়ধরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।


