আগামী ১২ নভেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে পুরো শহর ছেয়ে গেছে ফেস্টুন, ব্যানার, তোরণ আর বিলবোর্ডে। বগুড়াবাসী মনে করছেন, প্রধানমন্ত্রীর এ সফরে দীর্ঘদিনের দাবিগুলো পূরণ হবে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
পরপর দু’বার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম বগুড়ার সফর। সফরকে ঘিরে প্রধানমন্ত্রীর কাছে বগুড়াবাসীর প্রত্যাশা রয়েছে অনেক। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু, বগুড়া- সিরাজগঞ্জ ট্রেন লাইন স্থাপন, কৃষি ভিত্তিক শিল্প পার্ক স্থাপনসহ নানা প্রত্যাশার অপেক্ষায় সবাই।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। জনসভাকে সফল করতে জেলা ও তৃণমূল পর্যায়ে গঠন করা হয়েছে কমিটি, উপ-কমিটি। অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার বগুড়া ক্যান্টনমেন্টে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের আলতাফুন্নেসা মাঠে জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


