তদবির সহ্য করা হবে না- এমন হুঁশিয়ারি দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো ধরনের রাজনৈতিক তদবির ও অনুরোধে সড়ক ও জনপথ বিভাগে পদোন্নতি কিংবা বদলির ব্যবস্থা চলবে না। যোগ্যতার বিচারে বদলি করা হবে। সরকারের কোনো ব্যক্তি যদি প্রকৌশলী বদলি নিয়ে তদবির করেন তাহলে সেটা সহ্য করা হবে না।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওস্থ ‘সড়ক ভবনে’ সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন মন্ত্রী।
কাদের বলেন, রাজনৈতিক পরিচয় নয়, প্রকৌশলীদের যোগ্যতার মাপকাঠিতে পদোন্নতি ও বদলির ব্যবস্থা নেয়া হবে বলে।
যোগাযোগ আর দুর্নীতি এবং সড়ক আর দুর্নীতি একসময় সমার্থক ছিল উল্লেখ করে ক্ষমতাসীন দলের এই মন্ত্রী বলেন, সেই কলঙ্ক আমরা মুছে দিতে পেরেছি। এখন এই মন্ত্রণালয়ে আর এ কথা নেই। এখন মানুষ আমাদের বিভাগগুলোকে প্রশংসা করে।


