ধারণা করা হয়েছিল পাঁচ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমানই ম্যাচসেরার পুরস্কার পাবেন। কিন্তু ৯৮ বলে ৭৩ রান করা তামিম ইকবালই ম্যাচসেরা হলেন। ৯৫ বলে ৭৩ রান করেছিলেন ইমরুল কায়েসও।মুস্তাফিজকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার না দেয়ার অবাক হয়েছেন তামিমও। তিনি বলেন, ‘আমি বিস্মিত। জানি পাঁচ উইকেট পেলে ম্যাচসেরার জন্য তারই বেশি অগ্রাধিকার। তবে মনে হয়েছে আমি সুন্দর ব্যাটিং করছিলাম।’
নয় ম্যাচে মুস্তাফিজ তিনবার পাঁচ উইকেট পেলেন। নয় ম্যাচে তার উইকেট সংখ্যাও ২৬। এই কাটার বোলিংয়ে আসলে তামিমও নাকি স্বস্তিতে থাকেন। তিনি বলেন, ‘মুস্তাফিজ যখন বোলিংয়ে আসে তখন আমরা সব সময় ভাবি কিছু একটা হবে। এটা ভালো দিক। আমাদের সাফল্যের জন্যে ওর অনেক অবদান।’ তবে মুস্তাফিজ নাকি বিপিএলের জন্য তার স্লোয়ার লুকিয়ে রেখেছেন। টেস্টের মতো ওয়ানডের দুটি ম্যাচেও ভালো জুটি গড়া তামিম ইমরুলের প্রশংসা করতে ভুললেন না। মুস্তাফিজের প্রশংসায় মাশরাফি বলেন, ‘ওর হাতে আসলে অনেক বৈচিত্র আছে। দিন দিন আরও বেশি পরিণত হচ্ছে।’
বাংলাদেশ কার বিপক্ষে খেলার সময় চাপে থাকে? অনেকেই বলতে পারেন অস্ট্রেলিয়া, পাকিস্তান বা ইংল্যান্ডের মতো বড় দলগুলোর কথা। কিন্তু আসলে টেস্ট র্যাংকিংয়ে সবার নিচে থাকা জিম্বাবুয়েকেই খেলতে বেশি চাপে থাকে টাইগাররা। হোমে খেলা হলে তো চাপ আরও বেড়ে যায়। ওয়ানডে সিরিজে সেই জিম্বাবুয়েকে ৩-০-তে উড়িয়ে দিয়ে এখন স্বস্তিতে মাশরাফি-তামিমরা। কাল ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘তাদের সঙ্গে খেলা হলে আমাদের একটু চাপ থাক। তবে এই চাপ আমাদের ভালো করতে সাহায্য করে।’ তামিম ইকবাল জানালেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময় যে চাপ থাকে অন্যদলের বিপক্ষে সেটা থাকে না। জিম্বাবুয়ের বিপক্ষে সবাই আশা করে আমরা জিতবো। এটা কখনও শেষ হবে না।’
তবে জিম্বাবুয়ে অনায়াসে হারালেও তাদের শ্রদ্ধা জানাতে বললেন মাশরাফি। তিনি বলেন, ‘আমাদেরও অবস্থা এখ সময় এমন ছিল। কাছাকাছি গিয়েও পারতাম না। তাদের শ্রদ্ধা করা উচিত।’ অনেকেরই ধারণা ওয়ানডে ক্রিকেটে পাঁচ স্লিপ ও তিনজন গালিতে রেখে মাশরাফি হয়তো অস্ট্রেলিয়ার মতো বিশ্ব ক্রিকেটকে বার্তা দিচ্ছেন যে, আমরাও এগিয়েছি। অবশ্য ভুল ভাঙলেন অধিনায়ক নিজেই।
তিনি বলেন, ‘নাসিরই প্রথম স্লিপে আসার কথা বলে। পরে আমার মাথায় আসে। ফিল্ডিং সাজানো আসলে তখনকার অবস্থার উপর নির্ভর করে। এটা কোনো ম্যাসেজ নয়।’ সাকিব ছাড়া দুই ম্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘সাকিব মানসিকভাবে অন্যদের চেয়ে অনেক এগিয়ে। ও দলে থাকলে অনেক ঝুকি নেয়া যায়।’ আগামীকাল টি ২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।


