বুধবার ৪ নভেম্বর ২০২৬

এখন অভিনয়ে কিছুটা হলেও ভালো করছি

image_1142_155584গেল সপ্তাহের পুরোটা সময়ই মেহ্জাবিন চৌধুরী ব্যস্ত ছিলেন নতুন একটি বিজ্ঞাপনের কাজ নিয়ে। ভারতের গোয়া থেকে ডিপি সিংয়ের নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনের কাজ শেষ করে ফিরেছেন তিনি। এরই মধ্যে নতুন একটি ভালোলাগার গল্পের নাটকেও অভিনয় করেছেন ম্হেজাবিন চৌধুরী। নাটকের নাম ‘ঘাস ফড়িংদের ভালোবাসার গল্প’।

এটি রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। ভালোবাসার গল্প নিয়েই এগিয়ে গেছে মেহ্জাবিন অভিনীত এ নাটকের গল্প। মেহ্জাবিন বলেন, ‘এই সময়ে এসে মৌলিক ভালো গল্পের প্রতি আমার আগ্রহ বেড়েছে। এখন আমি ভালো গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্র প্রাধান্য দেয়ার চেষ্টা করছি। কারণ যেহেতু এখন অভিনয়ে কিছুটা হলেও ভালো করছি। তাই স্ক্রিপ্টও যেন ভালো হয় সে দিকে একটু বিশেষ নজরই দিচ্ছি আমি।

কারণ অভিনয়ই এখন আমার পেশা। তাই পেশার স্থানে আমি শতভাগ মন থেকে সৎ থেকেই কাজটি করতে চাই।’ পরিচালক জুবায়ের ইবনে বকর জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

এদিকে মেহ্জাবিন চৌধুরী অভিনীত নতুন ধারাবাহিক নাটক রায়হান খান পরিচালিত ‘সুপারস্টার’ নিয়মিতভাবে চ্যানেল আইতে প্রচার হচ্ছে। শুধু তাই নয়, বাংলালিংকের বেশ কয়েকটি বিজ্ঞাপন প্রতিদিনই বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এর মধ্যে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মেহ্জাবিনের কণ্ঠে দর্শকপ্রিয়তা পেয়েছে ‘বাবা ও দারুণ না’ সংলাপটি। মেহ্জাবিনের নতুন বিজ্ঞাপন ‘উজালা পেইন্টস’ শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।

আরও পড়ুন