দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কালীপূজার অনুষ্ঠানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে সাত ভরি রুপা ও ২০ ভরি স্বর্ণাঙ্কার লুট করে নিয়ে গেছে। বুধবার রাত ৩টায় উপজেলার ডাবোর ইউনিয়নের উত্তর মহেশপুর কালিরহাট কালীপূজার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় তারা বেশ কয়েটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আষাঢ় রায় (৫৫), রঞ্জিত দেব শর্মা (৫৭), ধনাই মার্ডি (৬০) ও কালীমন্দির কমিটির সভাপতি ননীগোপাল দেব শর্মা (৬০)।
এদের মধ্যে ননীগোপাল দেব শর্মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্দিরের সেবায়েত উত্তর মহেশপুর গ্রামের হরেন দেব শর্মার ছেলে নৃপেন্দ্র দেব শর্মা জানান, কালীপূজা উপলক্ষে মন্দিরে তিন দিনব্যাপী পূজা-অর্চনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন বুধবার রাত আনুমানিক ৩টায় ১০-১২ জনের দুর্বৃত্ত হামলা চালিয়ে সাত ভরি রুপা ও ২০ ভরি স্বর্ণাঙ্কার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে সভাপতিসহ চারজন আহত হয়েছেন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
এদিকে ঢাকার পাশে সাভারে একটি কালীমন্দিরে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন রাব্বি নামের এক ব্যক্তি। আজ শনিবার ভোররাতে পৌর এলাকার উত্তরপাড়া কালীমন্দিরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, লোকজন পূজার অনুষ্ঠান দেখছিল। এ সময় রাব্বি নামের এক ব্যক্তি অস্বাভাবিক কার্যকলাপ শরু করেন এবং সেখানে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করেন। তাঁর এ কর্মকাণ্ডে বাধা দিতে গেলে তিনি লোকজনকে মারধরও করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামরুজ্জামান জানান, রাত সাড়ে ১১টার দিকে কালীমন্দিরে পূজা উপলক্ষে নাচ-গান শুরু হয়। সেখানে রাব্বি নামের এক ব্যক্তি তাঁর দল নিয়ে নাচ প্রদর্শন করছিলেন। এ সময় নাচের মধ্যে তিনি অশ্লীল আচরণ শুরু করেন। তাঁর এ আচরণ দেখে পলাশ নামের এক ব্যক্তি প্রতিবাদ করলে রাব্বি নাচের মঞ্চ থেকে নেমে গিয়ে পলাশকে মারধর করেন এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় তিনি বেশ কয়েকটি চেয়ার-টেবিলও ভাঙচুর করেন। পরে তিনি প্রতিমাও ভাঙতে যান। কিন্তু এলাকাবাসী এ সময় তাঁকে ধরে ফেললে প্রতিমা ভাঙতে পারেননি তিনি।
তবে এ ঘটনার পর থেকে রাব্বিকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ওসি।


