ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর সিঙ্গাপুরে শনিবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। প্যারিসে একের পর এক সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষের প্রাণ হারানোর পর সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগাম এক বিবৃতিতে বলেন, এসব হামলার মানে বিশ্বের কোনো দেশই আর নিরাপদ নয়। এমনকি নিরাপত্তা ব্যবস্থা যতই জোরদার হোক।
মি. শানমুগাম বলেন, আমরাও আমাদের সতর্কতার স্তর বাড়িয়ে দিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সীমান্তে তল্লাশি ও পাহারা জোরদার করেছি।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সিঙ্গাপুরকে নিরাপদ ও নিশ্চিত রাখতে প্রত্যেকেরই ভূমিকা রাখতে হবে। সতর্ক থাকতে এবং সন্দেহজনক যে কোন কর্মকাণ্ড সম্পর্কে রিপোর্ট করতে আমরা সকলকে উৎসাহিত করছি।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী হসিয়েন লুং তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে প্যারিসের এই ভয়াবহ হামলার ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


