প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরসূচি অপরিবর্তিত রয়েছে। ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল সোমবার তার ফ্রান্সের উদ্দেশে রওনা দেয়ার কথা। এ বিষয়ে আজ বিকাল ৩টায় পররাষ্ট্রমন্ত্রী তার দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।
শুক্রবার প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ায় চারদিকে সংশয় তৈরি হয় যে, প্রধানমন্ত্রী এ অবস্থায় সফরে যাবেন কিনা। তবে, শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের সূত্র নাম না প্রকাশের শর্তে জানায়, এখন পর্যন্ত সফরসূচি অপরিবর্তিত রয়েছে। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।
এদিকে ফরাসি প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় শেখ হাসিনা বলেছেন, প্যারিসে বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় বহু নিস্পাপ মানুষ নিহত ও আহত হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত।
বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসী সন্ত্রাসীই, তাদের কোনো দেশ নেই, ধর্ম নেই; সভ্য সমাজে অবশ্যই তাদের কোনো জায়গা হবে না। সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


