জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিয়ে নেমে ঝড়ো সূচনার পরও ১৩৫ রান করেছে বাংলাদেশ। প্রথম ১০ ওভার ৭ এর ওপর রান রেট রাখলেও শেষ সময়ে দ্রুত উইকেট পতনের কারণে থেমে যায় রানের চাকা। ফলে ম্যাচটিতে জয়ের জন্য জিম্বাবুয়ের রান প্রায়োজন ১৩৬।
রোববার বিকাল পাঁচটায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট করতে নেমে প্রথম ৩ ওভার জিম্বাবুয়ের বোলারদের কঠোরভাবে শাষণ করেন হার্ডহিটার তামিম ইকবাল ১৪০ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে তিনি সংগ্রহ করেন ২১ রান। তারপরের ওভারেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। নবম ওভারে ব্যক্তিগত ৯ রানে মুশফিক বিদায় নিলে বেশ বিপদে পড়ে টাইগাররা। সেখান থেকে এনামুল হক বিজয় ও সাব্বির স্কোর মেরামতে কাজ করে যায়। কিন্তু দলীয় ৯৮ রানে ক্রেমারের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে বিদায় নেন সাব্বির আহমেদ। অবশ্য বিদায়ের আগে ১৮ বলে ১৭ রান করেন তিনি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫১ বলে ৪৭ রান সংগ্রহ করেন এনামুল হক বিজয়। অন্যদিকে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট সংগ্রহ করেন পানিয়াঙ্গারা, মাদজিবা ও ক্রেমার।
এরপর মিডল অর্ডাররা আসা-যাওয়ায় ব্যস্ত থাকায় রানের গতি কমে যায়। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৫ রান।
বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন এসেছে। দলে এসেছেন ইমরুল কায়েস ও আরাফাত সানী। বাদ পড়েছেন লিটন দাস ও জুবায়ের হোসেন। জিম্বাবুয়ে দলে কোনো পরিবর্তন হয়নি।
ওয়ানডে সিরিজের জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, আরাফাত সানী ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, এল্টন চিগুম্বুরা, তিনাশে পানিয়াঙ্গারা, নেভিল মাদজিভা, লুক জংউই, গ্রায়েম ক্রেমার, ম্যালকম ওয়ালার ও তেন্ডাই চিসোরো।



